ময়মনসিংহের গৌরীপুরে গভীর রাতে সিলিন্ডার গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।
ময়মনসিংহের গৌরীপুরে একটি গ্যাস সিলিন্ডার গোডাউনে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌরসভার ‘ঝলমল সিনেমা হল’ সংলগ্ন এলাকায় অবস্থিত ওই গোডাউনে হঠাৎ আগুন লাগলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ গোডাউনের ভেতর আগুন দেখতে পান পথচারী ও আশপাশের বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। সিলিন্ডার মজুদ থাকায় ছোটখাটো বিস্ফোরণের শব্দে গোটা এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সিলিন্ডারের কারণে আগুন যেন আশপাশের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে ফায়ার সার্ভিস কর্মীরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারাও তাদের সহায়তায় এগিয়ে এসেছেন।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির মোট পরিমাণ জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় কর্তৃপক্ষের অভিযান শেষে অগ্নিকাণ্ডের মূল কারণ ও ক্ষতির সার্বিক চিত্র জানা যাবে বলে জানা গেছে।