গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের সুহরী প্রথম খণ্ড গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মাছ লুট, গাছ কর্তন, ফসল নষ্ট, চলাচলের রাস্তা বন্ধ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোঃ আবুল হাসেম মৃধা জানান, গত ২ জুন ২০২৬ (মঙ্গলবার) প্রতিপক্ষ মোঃ শাহ আলম, মোঃ মোশারফ, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোঃ আবুবকর, মোহাম্মদ সাজিদ, নাঈম ও মোঃ জুবায়েরসহ তাদের সহযোগীরা সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ পুকুর থেকে ধরে নিয়ে যায়। এছাড়া প্রায় ৭৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন গাছ জোরপূর্বক কেটে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা অস্ত্রশস্ত্র নিয়ে গরুর গোয়ালঘরে প্রবেশ করে গবাদিপশু নিয়ে যাওয়ার চেষ্টা করে। গরু নিতে ব্যর্থ হয়ে গোয়ালঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। একই সঙ্গে বাড়ির প্রধান চলাচলের রাস্তা ও গবাদিপশু চলাচলের পথ অবরুদ্ধ করে দেয়।
আরও অভিযোগ করা হয়, বিষয়টি নিয়ে থানায় সালিশি কার্যক্রম চলমান থাকা অবস্থায় অভিযুক্তরা বাড়ি ও ফসলি জমির সীমানা পিলার উপড়ে ফেলে। প্রায় ৮০ শতাংশ জমির মুগডাল গরু-ছাগল দিয়ে নষ্ট করে এবং ৪০ শতাংশ জমির ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়।
আবুল হাসেম মৃধা অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে একাধিকবার হত্যার হুমকি দেয়।
ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।