Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : এপ্রিলে প্রবাসী আয় ৩১২ কোটি ৭০ লাখ ডলার

এপ্রিলে প্রবাসী আয় ৩১২ কোটি ৭০ লাখ ডলার

সদ্যবিদায়ী এপ্রিল মাসেও দেশে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এ সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) প্রায় ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা।

রোববার এ তথ্য জানিয়েছেন আরিফ হোসেন খান, মুখপাত্র, বাংলাদেশ ব্যাংক।

তিনি জানান, গত বছরের এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের এপ্রিল মাসে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চলতি বছরের মার্চ মাসে, যা ছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এর আগে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২৫ সালের মার্চে—৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। তৃতীয় সর্বোচ্চ ছিল ২০২৫ সালের ডিসেম্বরে—৩২২ কোটি ৬৬ লাখ ডলার এবং চতুর্থ সর্বোচ্চ রেমিট্যান্স আসে চলতি বছরের জানুয়ারিতে—৩১৭ কোটি ডলার।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসীদের ধারাবাহিক অর্থ প্রেরণ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করছে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।


All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF