Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে অস্ত্র উদ্ধার, জিম্মি জেলে মুক্ত ও হরিণের মাংসসহ ৪ শিকারি আটক

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক  দুটি অভিযানে অস্ত্র উদ্ধার, জিম্মি জেলে মুক্ত ও হরিণের মাংসসহ  ৪ শিকারি আটক
খুলনার কয়রা অঞ্চলে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, জিম্মি ৪ জেলে মুক্ত এবং হরিণের মাংসসহ ৪ শিকারিকে আটক করা হয়েছে। 

আজ সোমবার (৮ ডিসেম্বর)  সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কুখ্যাত দস্যু দুলাভাই বাহিনী কয়রা নদীর নাগজোড়া খাল এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে গত রবিবার (৭ ডিসেম্বর) রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন কয়রার সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং তাদের হাতে জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।

 উদ্ধার ৪ জেলেদের  পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং জব্দকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আজ সোমবার (৮ ডিসেম্বর) রাত ২টায় আরেকটি বিশেষ অভিযান চালানো হয় কয়রা নদীর ময়দা পেশা খাল এলাকা ও আশপাশে। তল্লাশির সময় ৭২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ৪ জন শিকারিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা এবং বন্যপ্রাণী শিকার ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF