Logo
প্রিন্টের তারিখ: 02 August 2026 | প্রকাশের তারিখ: Aug 2, 2026

News Headlines : এসপিদের ব্যাপক রদবদল: কিশোরগঞ্জে আসছেন ড. এস এম ফরহাদ হোসেন, হাছান চৌধুরী বাগেরহাটে

এসপিদের ব্যাপক রদবদল: কিশোরগঞ্জে আসছেন ড. এস এম ফরহাদ হোসেন, হাছান চৌধুরী বাগেরহাটে
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে রদবদল করেছে সরকার। দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার স্বার্থে দেশের ৬৪ জেলার এসপিদের এই ব্যাপক রদবদল আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, এসপি বদলির এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
​যমুনা’য় লটারির মাধ্যমে এসপি নির্ধারণ এর আগে সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় এক বিশেষ প্রক্রিয়ায় এই লটারি অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে নতুনভাবে ৬৪ জেলার এসপি নির্ধারণ করা হয়।

​এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরাও লটারির সময় উপস্থিত ছিলেন।
​কিশোরগঞ্জে আসছেন ড. এস এম ফরহাদ হোসেন; হাছান চৌধুরী বাগেরহাটে এই রদবদলের ফলে কিশোরগঞ্জেও নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিতে আসছেন বর্তমানে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পুলিশ সুপার হিসেবে কর্মরত ড. এস এম ফরহাদ হোসেন।

​ড. এস এম ফরহাদ হোসেনের পরিচিতি তিনি ২৪ তম বিসিএসের একজন কর্মকর্তা। রাঙ্গামাটিতে গত সেপ্টেম্বর’২৪ এ বদলির আগে তিনি কুষ্টিয়াতে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার-এ কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে কর্মরত ছিলেন। চাকরিজীবনে তিনি অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)-সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

​অন্যদিকে, কিশোরগঞ্জ জেলার বর্তমান এসপি জনাব মোহাম্মদ হাছান চৌধুরীকে একই প্রক্রিয়ায় অর্থাৎ লটারির মাধ্যমে খুলনা বিভাগের বাগেরহাটে বদলি করা হয়েছে।
All Rights Reserved By Shadin Ekattor News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF