দীর্ঘ রাজনৈতিক পথচলা, এবার মেয়র পদে লড়তে চান শাহিন তালুকদার
বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনকে মেয়র পদে দেখতে চান পৌরবাসী ও বিএনপির সমর্থকদের একটি অংশ। এ লক্ষ্যে তারা শাহিন তালুকদারের প্রতি দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।
শাহাবুদ্দিন তালুকদার শাহিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৫ সালে বাকেরগঞ্জ পৌরসভা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে তাকে সাধারণ সম্পাদক করা হয়।
তার অনুসারীদের দাবি, বিএনপির দুঃসময়ে শাহাবুদ্দিন তালুকদার শাহিন দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রাজনৈতিক কারণে তিনি মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন। তাদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে শাহিন তালুকদার দলের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর একটি অংশের দাবি, বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এমপির সঙ্গে শাহিন তালুকদারের রাজনৈতিক ঘনিষ্ঠতা রয়েছে। তাদের দাবি, দলের দুঃসময়ে অনেকেই আবুল হোসেন খানের সঙ্গে অবস্থান পরিবর্তন করলেও শাহিন তালুকদার একনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন। এ কারণে তার মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
শাহিন তালুকদারের সমর্থকরা জানান, পৌরসভার পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন, সড়ক যোগাযোগ ও নাগরিক সেবাসহ বিভিন্ন সমস্যা সমাধানে স্থানীয় নেতাকর্মীরা কাজ করছেন। এসব উদ্যোগে পৌরবাসীর কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে তারা দাবি করেন।
এ বিষয়ে শাহাবুদ্দিন তালুকদার শাহিন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এমপির নেতৃত্বে জনস্বার্থে এলাকার সামাজিক ও সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। পৌরবাসী চাইলে এবং দল আমাকে মনোনয়ন দিলে আগামী নির্বাচনে পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করব।”
তিনি আরও বলেন, পৌরবাসীর কল্যাণে সব ধরনের উন্নয়নমূলক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
স্বদেশ সময়