০৫ জুলাই ২০২৬ : প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তাবিদ ও অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই।
রবিবার (৫ জুলাই ২০২৬) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির সভাপতি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
তিনি বলছিলেন, ‘স্যার দুপুরে অসুস্থ হয়ে পড়লে মিরপুরের একটা হাসপাতালে নেওয়া হয়। দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা একাডেমি থেকে আমরা যাচ্ছি স্যারের বাসায়। দাফন এবং শ্রদ্ধা নিবেদনের ব্যাপারে সিদ্ধান্ত হলে জানাব।’
আবুল কাসেম ফজলুল হক নিরপেক্ষ রাজনীতি চিন্তা ও তত্ত্বের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তার জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর; কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্রের সম্পাদনা ছাড়াও রয়েছে তার অনেক গুরুত্বপূর্ণ বই। ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’র মতো ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে এই অধ্যাপকের।
তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’, ‘স্বদেশচিন্তা’র মতো একাধিক গ্রন্থ। কাজের স্বীকৃতি হিসেবে ১৯৮১ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার।
২০২৪ সালের অক্টোবরে তাকে তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি নিযুক্ত করে সরকার।
তার একমাত্র ছেলে ফয়সল আরেফিন দীপন ২০১৫ সালের ৩১ অক্টোবর ঢাকার আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠানে হত্যার শিকার হন।
ওয়ার্কার্স পার্টির শোক
প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তাবিদ ও অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন দেশের একজন বিশিষ্ট প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তাবিদ ও শিক্ষক। ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং প্রগতিশীল সমাজচিন্তার বিকাশে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন সাহসী ও সৃজনশীল চিন্তাবিদকে হারাল। নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক
প্রাবন্ধিক, রাষ্ট্রচিন্তাবিদ ও অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
এক শোকবার্তায় তিনি বলেন, “অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন বাংলাদেশের মুক্তবুদ্ধির অন্যতম প্রধান কণ্ঠস্বর। রাষ্ট্র, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে তাঁর বিশ্লেষণ আমাদের জাতীয় চিন্তার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। তিনি ছিলেন একজন নীতিবান শিক্ষক, নির্ভীক বুদ্ধিজীবী এবং দেশপ্রেমিক চিন্তক। তাঁর মৃত্যু বাংলাদেশের সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক জগতে অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।”
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি আন্তরিক সমবেদনা জানান।
নিউজটি পোস্ট করেছেন :
স্বদেশ সময়
স্বদেশ সময়